সিলেটে গরু চোর সন্দেহে গণপিটুনি এবং চুন ও বালুমিশ্রিত পানি পান করিয়ে হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার বিকেলে মধ্য জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগ তুলে দিনমজুর হেলালকে আটক করা মারধর এবং চুন ও বালুমিশ্রিত পানি খাওয়ানো হয়।
হেলাল গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রাম (দাতারী) গ্রামের বাসিন্দা। তিনি মৃত শফিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মধ্য জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগ তুলে দিনমজুর হেলালকে আটক করা হয় এবং পরে তাকে একটি গাছের সাথে বেঁধে দফায় দফায় বেধড়ক মারধর করেন রাধানগর এলাকার লোকজন। পরবর্তীতে চুনা ও বালুমিশ্রিত পানি পান করান দিনমজুর হেলালকে।
তারা বলেন, একপর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয় এবং রাতভর সেখানে মারধর করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে তার গণপিটুনির দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে হেলালের স্বজনরা মধ্য জাফলং ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। যাওয়ার পথে হেলাল রাস্তায় খুব বেশি বমি করেন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানান স্বজনরা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, অতিরিক্ত মারধর এবং চুনা-বালুমিশ্রিত পানি খাওয়ানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে। এমনটি আমরা প্রাথমিক ধারণা করছি।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতের গ্রেপ্তারে ডিবিসহ থানা পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে। আমরা আশা করছি রাতের মধ্যেই চিহ্নিতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।







