ক্যাফে খুলে ৫০ দিনে তরুণীর আয় ১৫ লাখ রুপি

ছবি: সংগৃহীত
ভারতের হরিয়ানার গুরুগ্রামে ক্যাফে খুলে মাত্র ৫০ দিনে ১৫ লাখ রুপি আয় করেছেন ২১ বছর বয়সী কলেজছাত্রী অনন্যা আগরওয়াল। স্নাতক শেষ বর্ষের পড়াশোনার পাশাপাশি ক্যাফেটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনন্যার ক্যাফের নাম ‘লুম অ্যান্ড লাইম’। সেখানে ইতালীয়, মেক্সিকান ও ভূমধ্যসাগরীয় খাবারের পাশাপাশি বিশেষ ধরনের কফি, পানীয় ও ডেজার্ট পাওয়া যায়।
অনন্যার উদ্দেশ্য ছিল এমন একটি জায়গা তৈরি করা, যেখানে মানুষ স্বস্তিতে সময় কাটানোর পাশাপাশি ভালো খাবার উপভোগ করতে পারবেন। ক্যাফের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
কলেজের পড়াশোনা ও ব্যবসার দায়িত্ব একসঙ্গে সামলানো সহজ নয় বলে জানিয়েছেন অনন্যা। কুরলি টেলসকে তিনি বলেন, কলেজ ও ক্যাফের মধ্যে সময় ভাগ করে নিতে হয় তাকে। পড়াশোনার ফল ভালো রাখা, প্রকল্পের কাজ জমা দেওয়া এবং ক্যাফের কার্যক্রম ঠিকভাবে চলছে কি না, সেদিকেও নজর রাখতে হয়।
অনন্যার ভাষায়, কাজ করতে করতেই তিনি শিখছেন। উদ্যোক্তা হওয়া তার কাছে অনেক গুরুত্বপূর্ণ।
ক্যাফেটির বিশেষত্ব তুলে ধরে অনন্যা বলেন, ভারতে ইতালীয়, ভূমধ্যসাগরীয় বা মেক্সিকান খাবার তৈরির সময় প্রায়ই ভারতীয় স্বাদ যোগ করতে অতিরিক্ত মসলা ব্যবহার করা হয়। এতে খাবারের মূল স্বাদ ও বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। বিভিন্ন দেশের খাবারের প্রকৃত স্বাদ বজায় রাখাই তার লক্ষ্য।
‘লুম অ্যান্ড লাইম’ পুরোপুরি নিরামিষ খাবারের ক্যাফে। এর মেনুতে রয়েছে ব্রিক ওভেনে তৈরি পিৎজা, টাকো, মেজে প্ল্যাটার, হাতে তৈরি পাস্তা, বিশেষ ধরনের রুটি এবং বিভিন্ন স্বাদের ফ্রাই। পাশাপাশি ভেগান খাবারের ব্যবস্থাও রয়েছে।
ক্যাফেটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।



