অন্যান্য খেলা

রুশ কিশোরীর কাছে অঘটনের শিকার জাবেউর

অস্ট্রেলিয়ান ওপেন: ওজনিয়াস্কির বিদায়

টেনিস খেলোয়াড় ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় একটি ম্যাচে ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শক্তিশালী স্ট্রোকের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলোয়াড়ি জীবনে যাকে আদর্শ মানেন, সেই উনস জাবেউরের বিপক্ষে কোর্টে নেমেছিলেন মিরা আন্দ্রিভা। ১৬ বর্ষী রাশিয়ান হয়তো কল্পনাও করেননি দুবারের গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট তারকাকে মাত্র ৫৪ মিনিটে হারিয়ে দেবেন। তিউনিসিয়ান তারকার বিদায়ঘণ্টা বাজিয়ে অঘটনের জন্ম দিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন আন্দ্রিভা।

রড লেভার অ্যারেনায় বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ দিনে আন্দ্রিভা দুই সেটেই জয় তোলেন। র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা জাবেউরকে উড়িয়ে প্রথম সেট ৬-০ ব্যবধানে জেতেন রুশ কিশোরী। দ্বিতীয়টিতে ৬-২তে জিতে নেন।

জাবেউরের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ৪১ ধাপ পিছিয়ে থাকা আন্দ্রিভা ম্যাচ শেষে বলেছেন, ‘উনার বিপক্ষে খেলাটা আমার স্বপ্ন ছিল। কারণ তিনি যেভাবে খেলেন আমি সত্যিই পছন্দ করি। এই ম্যাচ জেতার তাৎপর্য বিশাল। সম্ভবত এটি আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ ছিল।’

‘প্রথম সেটে আশা করিনি যে এতটা ভালো খেলব। দ্বিতীয় সেটটাও খারাপ ছিল না। আমার জন্য, এটা আশ্চর্যজনক এক ম্যাচ ছিল। আজ কোর্টে যে অবস্থান দেখিয়েছি, তাতে আমি খুব আনন্দিত।’

অস্ট্রেলিয়ান ওপেনে ঘটেছে আরেকটি অঘটন। সাবেক একনম্বর তারকা ক্যারলিন ওজনিয়াস্কি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। রাশিয়ার মারিয়া তিমোফিভার কাছে ২-১ সেটে পরাজিত হন।

জন কেইন অ্যারেনায় প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে শুরুটা ভালো করেছিলেন ওজনিয়াস্কি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী তারকাকে র‍্যাঙ্কিংয়ের ১৭০তম স্থানে থাকা তিমোফিভা দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৬-৪ ও ৬-১ ব্যবধানে হারান।

জয়ের পর বিস্মিত ২০ বর্ষী রাশিয়ান বলেছেন, ‘কোনো প্রত্যাশা ছাড়াই ম্যাচটি খেলতে যাচ্ছিলাম। আমি কী করতে সক্ষম তা দেখানোর জন্য। খেলার প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি।’

মেয়েদের এককে অঘটনের দিনে অবশ্য যুক্তরাষ্ট্রের কোকো গাফ জয় পেয়েছেন। স্বদেশী ক্যারোলিন ডলেহাইডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেট ৭-৬ (৭-২) ব্যবধানে জেতেন। দ্বিতীয় সেট অনায়াসে ৬-২তে জিতে যান মার্কিন কৃষ্ণকলি।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন কোকো গাফ জাবেউর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…