এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থানরত নাসা গ্রুপের পোশাকশ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ওই এলাকার যান চলাচল।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা তেজগাঁওয়ের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা কারখানার সামনে থেকে সড়কে নেমে এসে অবরোধ গড়ে তোলেন। এতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী, সাতরাস্তা, বিজয় সরণি, লাভ রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে দীর্ঘ সময় আটকা পড়ে থাকে অসংখ্য যানবাহন। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। অবরোধ চলাকালে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শিল্পাঞ্চল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা চালায়।
পরে বেলা ১২টার পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে অবরোধের অবসান ঘটে। এরপর যানবাহন চলাচল পুনরায় শুরু হয় এবং ধীরে ধীরে যানজট কমতে থাকে।







