ভারত গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করেছে লাল-সবুজের দল। কারণ ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যু। আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। এ ম্যাচ জয়ের জন্য খেলবে বাংলাদেশ বলে জানিয়েছেন কোচ পিটার জেমস বাটলার।
সেমিফাইনালের আগে ভিডিওবার্তায় কথা বলেন বাটলার। ম্যাচের পরিকল্পনা নিয়ে এ ইংলিশম্যান জানান, ‘আমি মেয়েদের মাত্রই যা বললাম, সবচেয়ে বড় বিষয় হলো উন্নতি করা এবং একটি ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামা। দুঃখজনক ঘটনা এবং সবচেয়ে বড় কথা আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, সেই নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করাই আসল কাজ। এটা অবশ্য সহজ নয়।’
’তবে আমি সত্যি বিশ্বাস করি আমাদের এমন একদল মেয়ে আছে যারা মাঠে গিয়ে ভালো পারফর্ম করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং সবচেয়ে বড় কথা, কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ জয় তুলে আনা। আমরা রক্ষণাত্মক খেলব না। আমরা জয়ের জন্যই খেলব, কোনো কমতি রাখব না এবং একটি ইতিবাচক আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামব।’
’আমরা এর আগেও নেপালের বিপক্ষে খেলেছি, অনূর্ধ্ব-২০ দলেও খেলেছি। আমি তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে চিনি। তারা কীভাবে খেলে তা আমি দেখেছি, আমরা আমাদের হোমওয়ার্ক করেছি। তবে নেপালকে নিয়ে আমি চিন্তিত নই।’ বলছিলেন বাংলাদেশের কোচ বাটলার।
নিজেদের কাজ সম্পর্কে বাটলারের মন্তব্য এমন, ‘আমার মনে হয়, আমাদের নিজেদের খেলার মান বাড়াতে হবে। আমাদের ভালো পারফর্ম করতে হবে, যা আমরা মাঝে মাঝে টুকটাক করেছি।’
‘ভারতের বিপক্ষে দ্বিতীয় অর্ধে প্রায় ২০-২৫ মিনিট এমন ছিল যখন আমরা সত্যিই খুব ভালো খেলেছি। মনিকার মতো খেলোয়াড়রা এসে হোল্ডিং মিডে বেশ প্রভাব ফেলেছে।’
ম্যাচে নিজেদের ইতিবাচক রাখা নিয়ে কোচ আরও বলেন, ‘তবে আমি সত্যি বিশ্বাস করি আমাদের ইতিবাচক থাকতে হবে। এমনভাবে খেলতে হবে যাতে আমরা মাঠে গিয়ে খেলাটা আমাদের নিয়ন্ত্রণে নিতে পারি।’
‘যদি, কিন্তু কিংবা হতে পারে এসব ভেবে বসে না থেকে, আমাদের গতিশীল ও মনোযোগী হতে হবে। একটি আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামতে হবে পুরো দলকে।’
সাফে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপালকে। বুধবার ৩ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। বাংলাদেশ এবারের আসরে লড়ছে হ্যাটট্রিক শিরোপার মিশনে।








