চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে এলিজা খাতুন (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের রুস্তম আলীর মেয়ে এলিজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী।
শুক্রবার ১ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে এলিজা নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে এলাকাবাসী দামুড়হুদার মাথাভাঙ্গা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে এলিজার পরিবার এসে লাশ শনাক্ত করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা ধারণা করছি পানিতে ডুবে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।








