পেঁয়াজের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতা ও সহনীয় পর্যায়ে রাখতে পণ্যটি আমদানিতে শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: মোট কর ভার ১০ শতাংশ থেকে হ্রাস করে শূন্য শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোন প্রকার শুল্ক-কর আরোপযোগ্য রইল না। এতে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে পেঁয়াজ সরবরাহ বৃদ্ধি পাবে এবং পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
গত দুই সপ্তাহ ধরেই উর্ধ্বমূখী পেঁয়াজের বাজার। ১২০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এক ধাক্কায় গিয়ে ঠেকে ১৫০ টাকায়। যে পরিস্থিতি এখনও চলছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক সপ্তাহের ব্যবধানে শুধু এ পণ্যটিরই মূল্য বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে: দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। এ চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশই পূরণ হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে। বাকি চাহিদা আমদানি করে পূরণ করা হয়।







