অতীতের মতো বস্তাপঁচা নির্বাচন মেনে নেব না: জামায়াত আমীর

জামায়াতের আমীরের বক্তৃতা, পেছনে অন্যান্য নেতারা উপস্থিত, রাজনৈতিক সমাবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীতের মতো বস্তাপঁচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না। নির্বাচন হতে হবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে, কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে।
বুধবার (২২ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। নির্বাচন কমিশন ও প্রশাসনকে রাখতে হবে নিরপেক্ষ। কালো টাকার খেলা ও মাস্তানতন্ত্র বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা—যা দেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ। এই অর্থ দেশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেতো।
শুধু কথায় নয়, কাজে প্রমাণের আহবান জানিয়ে জামায়াত আমীর বলেন, দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্যরা।






