দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে ব্রিফিং-এ তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থা এবং মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
ডা. জাহিদ বলেন, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নিজে খালেদা জিয়ার মেডিক্যাল টিম তত্ত্বাবধান করছেন।
এসময় হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে দেখতে না যাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের অনুরোধ করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া দলীয় নেতাকর্মীদেরও হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।







