অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ট্রেকিং করতে গিয়ে হাত ফসকে এক নারীর ফোন পাথরের নিচে পড়ে যায়। পরে মোবাইল ফোন তুলতে গিয়ে দুই পাথরের ফাঁকে আটকে পড়েন ওই নারী।
বিবিসি জানিয়েছে, আটকে পড়ার পর প্রায় সাত ঘণ্টা উল্টো হয়ে ঝুলে ছিলেন মাতিলদা ক্যাম্পবেল। পরে সরকারি জরুরি সেবার কর্মীরা এসে তাকে উদ্ধার করেন। তবে তার মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। ঘটনাটি ঘটেছিল চলতি মাসের শুরুতে।
নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, এক নারী পাথরের ফাঁকে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। ওই নারীর হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়েছিল। সেটি তুলতে গিয়ে তিনি পড়ে যান ও পাথরের ফাঁকে পা আটকে উল্টো হয়ে ঝুলে ছিলেন। তার বন্ধুরা প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করে ব্যর্থ হলে জরুরি সেবার সহায়তা চান।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স পরিষেবা স্থানীয় সময় সোমবার সোশ্যাল মিডিয়ায় ওই নারীর উল্টো হয়ে ঝুলে থাকার কিছু ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায়, দুই পাথরের মাঝে ওই নারীর দুই পা আঁটকে আছে। একজন প্যারামেডিক পিটার ওয়াটস বলেছেন, একজন উদ্ধারকারী প্যারামেডিক হিসেবে আমার ১০ বছরে কখনই এরকম কিছু দেখিনি। এটি খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমরা তাকে উদ্ধার করতে সফল হয়েছিলাম।
উদ্ধারের পর মাতিলদা ক্যাম্পবেল সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, যারা আমাকে বাঁচিয়েছে তাদের ধন্যবাদ।আপনারা আক্ষরিক অর্থে জীবন রক্ষাকারী।







