বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের জন্য ভিসা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে নতুন বিধিমালা প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত বিধিমালায় বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থী এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় দেওয়া ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর পর্যন্ত সীমিত করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনার সময় তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও সীমিত করা হচ্ছে।
এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমাও কমানো হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীরা কোর্স শেষ হওয়ার পর ৬০ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। নতুন বিধিমালায় সেই সময়সীমা ৩০ দিনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, তাদের ভিসার সর্বোচ্চ মেয়াদ হবে ২৪০ দিন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন ও অস্থায়ী ভিসা ব্যবস্থাকে আরও কঠোর করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এসব পরিবর্তন কার্যকর করার উদ্যোগ নিয়েছে।







