দেশের বন্দরগুলোসহ আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বন্দরগুলো বন্ধ করে আন্দোলন অগ্রহণযোগ্য। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না।
দুদকের অনুসন্ধান প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কোনো হস্তক্ষেপে নয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
সরকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।








