ভারতের পার্লামেন্টে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এই আশাবাদ ব্যক্ত করে তিনি জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন। আমরা আশা করি, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেবে।
তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমাদের উদ্বেগের কারণ সেখানে সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমরা আমাদের উদ্বেগের ব্যাপারে ঢাকার দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি আমাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। তিনিও বৈঠকে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারতের সহযোগিতার একটি উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করে তিনি বলেন, যখন আমরা ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা বলি, তখন দেখা যায় পাকিস্তান ও চীন বাদে প্রায় সব প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।







