সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি বলেছেন, মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়টি ১৮০ দিনের মূল্যায়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী করছে, তার মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
মন্ত্রিসভার সদস্যদের পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল হতে পারে জানিয়ে তিনি বলেন, কেবিনেটের সদস্যদের পারফরমেন্সের ওপর রদবদল হতে পারে। এর সঙ্গে ১৮০ দিনের সম্পর্ক নেই।
তিনি জানান, সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।
রেলপথ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।








