ভারতের চেন্নাই থেকে এক চিকিৎসক দম্পতি মধুচন্দ্রিমা উপলক্ষে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন। সেখানে সমুদ্রে ফটোশুটের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। ডুবে মৃত্যু হয়েছে দু’জনেরই।
নিহতরা হলেন চেন্নাইয়ের বাসিন্দা লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া।
বৃহস্পতিবার (১ জুন) লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া দম্পতির বিয়ে হয়েছিল। পুলিশ জানায়, বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন সদ্যবিবাহিত এই দম্পতি। দুই জনই পেশায় চিকিৎসক। বালির সমুদ্রে ফটোশুটের সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
প্রাথমিক অবস্থায় জানা গেছে, দম্পতি সমুদ্রে ওয়াটার বাইকে চড়েছিলেন। সেই অবস্থাতেই চলছিল ফটোশুট। আচমকা সেই ওয়াটার বাইকটি হোঁচট খেয়ে লাফিয়ে ওঠে। দু’জনকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। তারপর পানিতে উল্টে যায় ওয়াটার বাইক। স্বামী, স্ত্রী দু’জনেই সমুদ্রের পানিতে তলিয়ে যান।







