জামায়াতের আমির যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসন ঢাকা ১৫- তে কে বা কারা জামায়াতের বিরুদ্ধে কিছু ফটোকার্ড বা লিফলেটের মতো প্রিন্ট করে বিভিন্ন এলাকাতে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে দলটি।
সেসব ফটোকার্ড বা লিফলেটে জামায়াতের পক্ষ থেকে মানুষকে টাকা দেয়া হচ্ছে এবং বিকাশ নম্বর চাওয়া হচ্ছে-এ সংবলিত মিথ্যা তথ্য ছাড়ানোর অভিযোগ তোলা হয়েছে দলটির পক্ষ থেকে।
বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
এ সংক্রান্ত একটি লিফলেট হাতে নিয়ে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জামায়াতকে বিতর্কিত করা ও ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্য এ ধরনের লিফলেট ছড়ানো হচ্ছে।
এটি জনমনে বিভ্রান্তি তৈরির অপপ্রয়াস এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘণ উল্লেখ করে বলা হয়, জামায়াত এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
সেই সাথে প্রশাসন ও নির্বাচন কমশিনকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নিতে সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়।







