নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

নেপালে উজানের পানির কারণে ক্ষতিগ্রস্ত গ্রাম ও বাড়ির দৃশ্য, পানি প্রবাহের কারণে এলাকা প্লাবিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
নেপালে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির বন্যাকবলিত এলাকার উজানে হিমালয় পর্বতশ্রেণিতে দুটি নতুন হ্রদে পানি জমতে শুরু করায় এই ঝুঁকি তৈরি হয়েছে। হ্রদ দুটির পানি কমে না আসা পর্যন্ত বন্যার আশঙ্কা থাকবে বলে জানিয়েছেন নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা।
শুক্রবার (২৮ আগস্ট) ওই কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। নেপালের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার চীনের একটি উদ্ধারকারী দল আকাশপথে ধারণ করা ভিডিওতে একটি অববাহিকায় বিপুল পরিমাণ পানি জমে হ্রদ তৈরির চিত্র দেখতে পায়। পরে শুক্রবারের নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যায়, হ্রদটির পানি উপচে পড়তে শুরু করেছে।
এরপর স্যাটেলাইটের নতুন ছবিতে উজানে আরও একটি হ্রদের অস্তিত্ব শনাক্ত করা হয়। কর্মকর্তার দাবি, দ্বিতীয় হ্রদটি প্রথমটির তুলনায় বড় এবং এর আয়তনও ক্রমে বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত হ্রদটি থেকে পানি বের হওয়ার কোনো দৃশ্যমান পথ দেখা যায়নি। ফলে সেখানে পানির চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ওই কর্মকর্তা বলেন, হ্রদ দুটির পানি পুরোপুরি কমে না যাওয়া পর্যন্ত নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি থেকেই যাবে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে স্যাটেলাইট ছবি পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় পরিস্থিতির সার্বক্ষণিক নজরদারিতে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে উজান থেকে নেমে আসা পানির গতিপথ পর্যবেক্ষণে সীমান্তবর্তী তিমুর শহরের কাছে ক্যামেরা ও বিভিন্ন সেন্সর স্থাপনের পরিকল্পনা করছে নেপাল।
এসব সরঞ্জাম দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে স্থাপন করা যায় কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নতুন করে দুটি হ্রদে পানি জমার ঘটনায় উজান থেকে নেমে আসা পানির গতিপথে থাকা এলাকাগুলোতে সতর্কতা বাড়িয়েছে নেপাল। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য বন্যার ঝুঁকি মোকাবিলায় নজরদারি জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।






