আইসিসি ইভেন্ট মানেই যেন বাংলাদেশের হতাশার গল্প। ব্যাটিং ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত গত আসরে সেমিতে ওঠা টাইগারদের। এমন আত্মসমর্পণে ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। প্রথম দুই ম্যাচে ব্যাটাররা তেমন কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেননি। প্রথমটিতে ২২৮ রানে অলআউট, পরে ৯ উইকেটে ২৩৬। যার কারণ হিসেবে ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলছেন, সিনিয়র খেলোয়াড়দের আইসিসি ইভেন্টে ব্যর্থতা।
দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ওপেনিং জুটিতে ৪৫ রান তুললেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। থামতে হয়েছিল ২৩৬ রানে। লক্ষ্য হেসেখেলে পাড়ি দিয়েছে কিউইরা। ভারতের সাবেক ও এক সময়ে বিসিবির কোচ থাকা ওয়াসিম জাফর মনে করছেন, বাংলাদেশের এই ম্যাচে ৩০০ করার সুযোগ ছিল। বাজে শট সিলেকশনের কারণে সম্ভব হয়নি।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের পর তিনি বলেছেন, ‘এই পিচে সহজেই বাংলাদেশ ৩০০-এর বেশি রান করতে পারত। তাদের দোষেই হয়নি। বোলিং বিভাগের কাছে ২৪০ রানের নিচে নিউজিল্যান্ডকে অলআউট করার আশা করা খুব বেশি চাওয়া হয়ে যায়।’
‘আমরা শুধু ২০১৯ বিশ্বকাপে সাকিবকে অসাধারণ পারফর্ম করতে দেখেছি। জানি না এটা চাপের কারণে হয়, নাকি তারা নিজেরাই বেশি চাপ নিয়ে ফেলে, তারা ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারে না। আজ যে শট নির্বাচন দেখেছি, খুবই হতাশাজনক। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে, এই ম্যাচটা তাদের জিততেই হতো। এই ধরনের ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে, আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একইরকম থেকে যাচ্ছে।’
নিয়মরক্ষার শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচ। অন্তত একটা জয় নিয়ে ফেরার সুযোগ টাইগারদের। বাংলাদেশের সঙ্গে এবারের আসর থেকে বিদায় নিয়ে ফেলেছে স্বাগতিক পাকিস্তানও।








