‘দাদা সাহেব ফালকে’ সম্মাননা পেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে দাদা সাহেব ফালকে আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেন।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল অভিনেত্রী ওয়াহিদা রহমান। ‘গাইড’, ‘পেয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘খামোশি’র মতো ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন ধারার সৃষ্টি করে। শুধু বক্স অফিস নয়, তার অসাধারণ অভিনয় মন কেড়েছিল দর্শক থেকে ফিল্ম সমালোচকদেরও।
প্রায় ৫ দশক ধরে সিনে পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন ওয়াহিদা। ২০১৫ সালে কমল হাসান অভিনীত ‘বিশ্বরূপম ২’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন।
১৯৫৭ সালে ‘পেয়সা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে পান জনপ্রিয়তা। এরপর ষাট, সত্তর ও আশির দশকে তিনি ছিলেন হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেত্রী। শুধু তাই নয়, তিনি সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবিতেও অভিনয় করেছেন।
সূত্র: এনডিটিভি







