বহুদিন ধরে অভিনয় করলেও সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ দিয়ে সব শ্রেণির দর্শকের নজর কাড়েন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে! এবার একটি সিনেমায় অভিনয় করতে গিয়ে পেলেন খুনের হুমকি!
জানা গেছে, ‘দ্য সবরমতি রিপোর্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন বিক্রান্ত। আর এই সিনেমাতে অভিনয় করতে গিয়েই পেলেন খুনের হুমকি!
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমাটি। বিক্রান্তকে এই সিনেমায় দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।
ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনাকে ৯/১১-এর সঙ্গে তুলনা করেছেন বিক্রান্ত। এটিকে শুধুমাত্র একটি ট্রেন দুর্ঘটনা নয়, এটি যে একটি প্ল্যান মাফিক নাশকতা ছিল সেটাও জানাতে ভুলেননি বিক্রান্ত।
বিক্রান্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে জানিয়েছেন তাকে কীভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুরু তাকে নয়, তার ৯ মাসের ছোট্ট ছেলের নামও টেনে আনা হচ্ছে।
বিক্রান্ত বলেন, ‘যারা হুমকি দিচ্ছেন তারা খুব ভালো করেই জানেন, আমি সদ্য বাবা হয়েছি। আমার ছোট্ট সন্তান এখনও হাঁটতে শেখেনি। আমার সেই ছোট্ট ছেলেটির নাম টেনে আনা হচ্ছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ কোন সমাজে বাস করি?’
অভিনেতা আরও বলেন, ‘আমি এই হুমকি পেয়ে বিন্দুমাত্র ভয় পাইনি। এই সিনেমায় কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি। এই সিনেমার জন্য কোনও রাজনীতিবিদ বা নেতার পরামর্শও নেওয়া হয়নি। আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। আমি একজন অভিনেতা এবং আমি আমার কাজ করেছি।’
প্রসঙ্গত, ধীরজ শর্মা পরিচালিত এই সিনেমায় বিক্রান্ত ছাড়াও রয়েছেন রাশি খান্না, রিধি ডোগরা, বরখা সিং। সিনেমাটি প্রযোজক হিসেবে কাজ করেছেন একতা আর কাপুর, আমুল ভি মোহন, অংশুল মোহন। শুক্রবার (১৫ নভেম্বর) সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে।







