সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হবে আগামী ১২ আগস্ট। এই বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
আজ (১১ আগস্ট) সোমবার রাজধানীর সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম জানান, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি, চেক বিতরণ, রক্তদান কর্মসূচি এবং যুবকদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
সচিব জানান, যুব সমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উদযাপনের মাধ্যমে যুবসমাজের সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি তাদের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই দিবসে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকবে। ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।








