মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় এসব ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
এ সময় উচ্ছেদকাজে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন।






