অপরাধ

ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর, গ্রেপ্তার ৩

ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও নিউগিনি প্রপার্টিজ ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিউগিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধকে ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে একদল ব্যক্তি হামলা চালায়। তারা স্টুডিওতে ঢুকে বিভিন্ন মালামাল ভাঙচুর ও তছনছ করে। এ সময় সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায়।

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাটের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে সালমানকে ঘটনার বর্ণনা দিতে দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির লিখেন, গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।

শফিকুর রহমান আরও বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।

বার্তায় তিনি বলেন, রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল ব্যক্তি অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। সিসিটিভি ক্যামেরাসহ স্টুডিওর বিভিন্ন দামি যন্ত্রাংশ ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ লেখেন, দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে সালমান মুক্তাদিরের মতো একজন পরিচিত নাগরিকের স্টুডিওতে হামলা চালিয়ে তা তছনছ করেছে সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, এই ঘটনার পর সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন।

বিষয়:ইসিবি চত্বরনিউগিনি প্রপার্টিজভাঙচুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…