রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন: ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নীতি মধ্যপ্রাচ্যে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র এখানে ফিলিস্তিনিদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষা করছে।
এনডিটিভি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সাথে আলাপকালে পুতিন বলেন, এই অঞ্চলে বছরের পর বছর ধরে চলা অস্থিরতার জন্য দায়ী মার্কিন নীতি।
পুতিন বলেন, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ। ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ‘একচেটিয়া’ করার চেষ্টা করেছে এবং কার্যকরী সমঝোতার চেষ্টা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করেছে। ফিলিস্তিনিদের অবশ্যই নিজস্ব স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিন যুদ্ধরত উভয় পক্ষের সাথে যোগাযোগ করছে এবং বিরোধ সমাধানে একত্রে কাজ করতে চাইছে। পেসকভ বলেন, সংঘর্ষটি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নতুন করে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরপরই দেশটির মূল ভূখণ্ডে প্রবেশ করে সংগঠনটির যোদ্ধারা। প্রতিক্রিয়া জানাতে শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। পুরোদমে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৯শ’র বেশি মানুষ।







