ডলার প্রতারক চক্রটি প্রথমে একজন ডলার ক্রেতাকে টার্গেট করেন। তারা ডলার বিক্রির কথা বলে ১০০ মার্কিন ডলারের নোট দেখাতেন। পরে উপরে ও নিচে ১০০ ডলারের নোট রেখে বান্ডেলের মধ্যে এক ডলারের নোট দিয়ে কৌশলে পালিয়ে যেতেন।
মিরপুরে ডলার জালিয়াতি চক্রের হোতা বেলায়েত হোসেন ওরফে শেখ প্রকাশ ডলার বেলায়েতকে (৪৫) তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৬ এপ্রিল রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকি তিনজন হলেন- মো.জসিম হাওলাদার (২৪), মো.বিরাজ শিকদার (৬৫) ও মো. রাসেল গাজী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০টি ইউএস ১০০ ডলারের নোট, ৩৮টি ১ ডলারের নোট, দুটি বাংলাদেশি ৫০০ টাকার নোট ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার ৭ এপ্রিল মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার বেলায়েত একজন ভয়ংকর প্রতারক। তিনি মূলত ডলার দিয়েই মানুষের সঙ্গে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১২টি মামলা রয়েছে।

তিনি বলেন, বাজারদরের চেয়েও কম দামে ডলার দিতে পারবেন বলে ক্রেতাকে লোভে ফেলেন তারা। এরপর উপরে ও নিচে ১০০ ডলার নোট দিয়ে মাঝে সব এক ডলারের নোট দিয়ে দেন। নোটগুলো দেখতে অনেকটা একই হওয়ায় প্রথম দেখাতে সহজেই কেউ ধরতে পারেন না। আর এই সুযোগেই বেলায়েত ও তার সহযোগীরা পালিয়ে যান।
ওসি বলেন: চক্রটি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই প্রতারণা করত। তাই তারা প্রাইভেটকার নিয়েই ঘুরে বেড়ান। চক্রের আরেক সদস্য জসিমের বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে।








