মার্কিন সরকার শাটডাউন হওয়ার ১১ ঘণ্টা আগে একটি স্বল্পমেয়াদী স্টপগ্যাপ ফান্ডিং বিল পাস করে শাটডাউন এড়িয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেস ফেডারেল এজেন্সিগুলোকে আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে এবং ব্যয়বহুল সরকারি শাটডাউন এড়াতে একটি স্বল্পমেয়াদী তহবিল বিল পাস করেছে। এবার এই চুক্তিতে যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইউক্রেনের জন্য কোনো সহায়তা বরাদ্দ থাকছে না।
স্বল্পমেয়াদী এই বিল পাস না করলে শনিবারের পর ১ অক্টোবর মধ্যরাতে বন্ধ হয়ে যেত যুক্তরাষ্ট্রের সরকারি সব কার্যক্রম। এই স্বল্পমেয়াদী বিলে আগামী নভেম্বর মাসের অর্ধেক সময় পর্যন্ত সরকারি অর্থায়ন করা যাবে।
৩৩৫-৯১ ভোটের ভিত্তিতে মার্কিন কংগ্রেস এই বিল অনুমোদন করেছে। আইন পর্যায়ে বিলে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন রিপাবলিকানরা ইউক্রেন সহায়তার বিষয়ে দ্রুত পৃথক ভোটের অনুমতি দেবে বলে আশা করা হচ্ছে।
শাটডাউন সংকটটি মূলত কট্টরপন্থী রিপাবলিকানদের একটি ছোট গোষ্ঠী শুরু করেছিল। তারা তাদের নিজস্ব দলের নেতৃত্বকে অস্বীকার করেছিল।
সরকার কার্যক্রম বন্ধ হওয়া এড়ানোকে এক বড় সাফল্য বলছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসে ২০৯ জন ডেমোক্র্যাট এই বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে এই বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।
কিন্তু এই বিল পাস হওয়ায় নিজ দল থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাকার্থি।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১ অক্টোবর সরকারের ব্যয় মেটানোর জন্য নতুন অর্থবছরের জন্য অর্থ অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ কংগ্রেস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নকক্ষ অর্থ বরাদ্দের বিষয়টি আটকে রেখেছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির কাছে তারা সরকারি ব্যয় অনেকাংশে হ্রাস করার দাবি জানায়। তবেই নতুন অর্থবছরের অর্থ বরাদ্দের অনুমোদন দেয়ার কথা জানিয়েছিল তারা।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্টপগ্যাপ ফান্ডিং বিলটি উত্থাপন করা হয়। স্টপগ্যাপ ফান্ডিং বিলে ম্যাককার্থি প্রস্তাব করেছিলেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ বাজেটের বিষয়ে কংগ্রেস ঐক্যমত্যে পৌঁছাতে না পারছে, তার আগে অন্তত আগামী এক মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে স্টপগ্যাপ ফান্ডিং চালু করা হোক। কিন্তু ভোটে বিলটি পাস হয়নি।








