দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সচিবালয়ে উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা হট্টগোল করেছেন।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কেএম আলী আযমের কক্ষে হট্টগোল করেন বিক্ষুব্ধ উপসচিবরা।
এ সময় কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি হয়। ডিসি পোস্টিংয়ের জন্য গঠিত এসএসবি বোর্ডের সদস্য সচিব জয়েন্ট সেক্রেটারি আলী আজমকে লাঞ্ছিত করেন বঞ্চিত কর্মকর্তারা।
জানা গেছে, সোমবার ৯ সেপ্টেম্বর দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। তালিকায় নিজেদের নাম না দেখে হতাশ হন একদল উপসচিব।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিবঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছেন। ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল।








