ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

জাতিসংঘের লোগো ও মার্কিন পতাকা একসাথে দেখানো ছবি, ভূমিকম্পের ঘটনায় সংহতি প্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
শুক্রবার সকালে ঢাকায় ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দশজন নিহত এবং আহত ছয় শতাধিক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে।
পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।






