যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে হাজার হাজার আফগানের ব্যক্তিগত তথ্য ফাঁস হলেও যারা ব্রিটেনে নেই বা যাদের সরিয়ে নেওয়া হয়নি, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার।
আজ ১৯ জুলাই শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তথ্য ফাঁসের এই দাবিগুলোর বেশিরভাগই অনুমাননির্ভর এবং যুক্তরাজ্য সরকার যে কোনো আইনি পদক্ষেপ বা ক্ষতিপূরণের দাবি শক্তভাবে মোকাবেলা করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য ফাঁসের ঘটনায় ১৯ হাজারেরও বেশি আফগানের নাম ও অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ পায়, যার ফলে তালেবান সরকারের প্রতিশোধের ভয়ে অনেকেই এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২০২২ সালের ফেব্রুয়ারির ওই ঘটনার পর যাদের জীবন ঝুঁকিতে পড়ে, তাদেরও স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ক্ষতিপূরণ দেবে না সরকার।
ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ নিচ্ছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বারিংস ল নামের একটি ব্রিটিশ আইন প্রতিষ্ঠান বর্তমানে ১ হাজারেরও বেশি আফগান ক্লায়েন্ট নিয়ে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ভুক্তভোগীদের কতজন এখনও আফগানিস্তানে অবস্থান করছেন, তা প্রতিষ্ঠানটির কাছে স্পষ্ট নয়।
মূলত, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মারাত্মক ভুলের কারণে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ২৫ হাজার আফগান নাগরিকের পরিচয় ফাঁস হয়। পরে নিরাপত্তার খাতিরে ৪ হাজার ৫০০ জন আফগানকে দ্রুত ব্রিটেনে স্থানান্তর করা হয়। আরও ২ হাজার ৪০০ জন এই পুনর্বাসন প্রকল্পের আওতায় এলিজিবল হলেও এখনও স্থানান্তর হননি।







