চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞাপনগুলোর জন্য ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তা জানতে চেয়ে চবি প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
বুধবার ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠিটি প্রেরণ করা হয়েছে। পাশাপাশি, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ জানুয়ারি জারি করা নোটিশ অনুসরণ কেন করা হয়নি জানতে চেয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত এ চিঠিতে একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাকে সূত্র উল্লেখ করে সেগুলোতে প্রকাশিত বিজ্ঞাপনসমূহের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তা জানানোর জন্য চবি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।








