এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ-২০২৪ এর বাছাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য থাকলে বিরতির পর জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা জোড়া গোল হজম করে।
বুধবার থাইল্যান্ডের চোনবুরিতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে লম্বা সময় ধরে প্রতিপক্ষকে আটকে রাখতে সক্ষম হয়েছিল লাল-সবুজের দল। ৮২ মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে চোখ ধাঁধানো গোল করেন মালয়েশিয়ার ফরোয়ার্ড আলিফ ইজওয়ান।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডান পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন ফার্গাস।
আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। ১২ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফিলিপিন্সের।







