রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (১২ ডিসেম্বর) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইরাম রেদওয়ান (২৫) এবং তপু আহমেদ (২৫)। দুইজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বলে জানা গেছে।
একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথেই ডিএনসিসির ময়লাবাহী একটি গাড়ি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুইজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে।








