হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট এক হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে একই সময়ে দেশে আরও ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬০২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গসহ সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।





