তিতুমীর কলেজ ছাত্রদলের দু’নেতা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিযোগ করেন।
শামসুদ্দিন দিদার তার অভিযোগে বলেন: গতকাল ৬ নভেম্বর ২০২৩, সোমবার সন্ধ্যার কিছু আগে দু’জন বাসা থেকে বের হয়। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দু’জনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১ টার দিকে তাদের মিরপুর ১২ নম্বরের বাসায় নিয়ে যায় তাদের এক জনকে। পুনঃরায় রাত প্রায় ৪ টার দিকে তাদের মিরপুর ১২ নম্বরের ওই একই বাসায় নিয়ে যায় দু’জনকেই। বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপি’র ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছিল, সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দু’জনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সকল গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায় পুলিশ।
তিনি আরও অভিযোগ করেন: এসময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।








