ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মো. তাকরিম (৩) উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।
স্থানীয়রা জানায়, আদনান কিছুদিন আগে কুট্টপাড়া উত্তর এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাতো ভাই তাকরিমের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসর্তকতাবশত দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পায়নি। পরে দুপুরে স্থানীয়রা পুকুরে দুই শিশুকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন। সেখান থেকে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






