রাজধানীর মৌচাকের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে আজ দুপুরে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে নিতে এসেছিলেন।
মৃতদের মধ্যে একজন ওই গাড়ির চালক জাকির এবং অন্যজন জাকিরের আত্মীয় মিজান। মৃত দু’জনেরই বাড়ি নোয়াখালী জেলায়।
সোমবার ১১ আগস্ট রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তাঁর আত্মীয়। গাড়ির মালিক সৌরভের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়। মৃত দুইজনের বাড়িও একই এলাকায়। তাঁরা হাসপাতালে রোগী নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাসপাতালের সিসিটিভি ফুটেজের বরাতে জানা যায়,হাসপাতালের পার্কিংয়ে সাদা রংয়ের একটি প্রাইভেটকার রোববার ভোরে হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে আসে। কিছুক্ষণ পর গাড়ির মালিক চলে যাওয়ার পর থেকে যান চালক এবং মিজান। সোমবার বেলা ১১টার দিকে দীর্ঘ সময় গাড়ি পার্কিংয়ে দেখে নিরাপত্তাকর্মী গাড়িতে নক করার পরও যখন সারা শব্দ পাচ্ছিলেন না তখন খবর দেয়া হয় পুলিশকে। তারা গাড়িটির লক ভেঙে তাদের দু’জনকে উদ্ধার করে।
দু’জনের মৃত দেহের বিভিন্ন অংশ ফুলে গেছে। প্রচন্ড গরমে মৃত্যু নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।








