আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হঠাৎ করেই তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এসময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদেরকে ট্রাইব্যুনালের ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তারা এসেছিলেন ট্রাইব্যুনালের চলমান সংস্কার কাজ দেখতে। এসময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। তাদের থেকে কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যতদ্রুত সম্ভব তাদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে ৫০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।








