মার্কিন সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর আইনি মর্যাদা বাতিলের পথ উন্মুক্ত করে দিয়েছে। শুক্রবার ঘোষিত এই রায়ে আদালত, বাইডেন প্রশাসনের অধীনে চালু হওয়া ‘প্যারোল’ কর্মসূচি বন্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে ফেডারেল বিচারকের জারি করা স্থগিতাদেশ বাতিল করেছে।
বিবিসি জানিয়েছে, ‘প্যারোল’ কর্মসূচির আওতায় কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীরা মানবিক কারণে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার ও কাজ করার অনুমতি পেতেন। তবে সুপ্রিম কোর্টের নতুন রায়ের ফলে এদের বড় একটি অংশ এখন ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েছেন।
আদালতের নয় বিচারপতির মধ্যে কেতানজি ব্রাউন জ্যাকসন ও সোনিয়া সোটোমায়র এই আদেশের বিরোধিতা করেন। বিচারপতি জ্যাকসন তার ভিন্নমত পোষণ করে বলেন, আদালতের এই আদেশ আমাদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই অর্ধ মিলিয়নের বেশি মানুষের জীবন অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছে।
প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতে চাওয়া অভিবাসীদের জন্য বাইডেন প্রশাসনের একটি মানবিক উদ্যোগ ছিল, যা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও দারিদ্র্যপীড়িত দেশ থেকে পালিয়ে আসা মানুষদের সীমিত সময়ের জন্য নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ দিত।
এর আগে, মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট আরেকটি রায়ে ট্রাম্প প্রশাসনকে প্রায় ৩,৫০,০০০ ভেনেজুয়েলান অভিবাসীর টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস প্রত্যাহারের অনুমতি দেয়। ফলে অভিবাসন নীতিকে ঘিরে মার্কিন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।








