নিজ শিল্প কারখানায় গ্যাস পাইপলাইন পেতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। শুধু তাই না এই ঘুষের টাকা দেওয়ার জন্যও তাকে ঘুষ দেওয়া লেগেছে বলে জানিয়েছেন তিনি।
শিল্প কারখানায় বিনিয়োগের পর গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন প্রসঙ্গে এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
ঘুষ দেওয়ার সে অভিজ্ঞতা তুলে ধরে সেখ বশির উদ্দিন বলেন: গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে। মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি। তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে।
তিনি বলেন: কিছু কিছু মানুষের সিটিস্ক্যান করে তাদের ব্রেইন দেখার ইচ্ছা হচ্ছে আমার। মানুষ কীভাবে এত ক্রিমিনাল হতে পারে।
বাণিজ্য উপদেষ্টা বলেন: আমি জ্বালানি উপদেষ্টাকে এক মিটিংয়ে বলতে শুনেছি যে জ্বালানি খাত দুর্নীতির অন্যতম স্তম্ভ। সেখান থেকে আমাদের বের হতে হবে।







