উত্তর মেক্সিকান রাজ্য তামাউলিপাসে একটি মহাসড়কে ট্রাক্টর-ট্রেলার এবং একটি ভ্যানে মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছে। তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে দুটি গাড়ি বিধ্বস্ত হয় এবং তারপর আগুন ধরে যায়।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার (১৪ মে) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে দুর্ঘটনাস্থলে পৌঁছালে, তারা দেখতে পায় যে ট্রেলারটি বহনকারী ট্রাকটি আর ঘটনাস্থলে নেই।
তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছে কিনা বা দুর্ঘটনায় সেও মারা গেছে কিনা তদন্তকারীরা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।







