তুফানের পূর্বাভাস, সতর্ক করলেন রাফী!

Two men pose in front of a fiery backdrop with Bengali text, possibly related to a film or event coverage. Channel i News – চ্যানেল আই নিউজ
তীব্র দাবদাহের পর ক’দিন ধরে আবহাওয়া অনেকটা শীতল! তুমুল বৃষ্টির সাথে পরশু বছরের প্রথম বৈশাখী ঝড়ও দেখেছে দেশবাসী! কিন্তু এরইমধ্যে নতুন তুফানের পূর্বাভাস দিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী! এমনকি সবাইকে করলেন সতর্ক!
না, নির্মাতা রাফী হঠাৎ আবহাওয়াবিদ বনে যাননি! তিনি নাটকীয় কায়দায় নিজের পরিচালিত আসন্ন ছবি ‘তুফান’ এর পূর্বাভাস দিলেন! যে ছবির লুক প্রকাশ করে আগেই দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরী করেছেন রাফী। ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে সুপারস্টার শাকিব খানকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো!
যৌথপ্রযোজনায় নির্মিতব্য ছবিটির শুটিং চলছে গেল মাস থেকেই। প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং। সেইসব শুটিং মুহূর্তের কিছু ছবিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল! তারকাবহুল এই ছবিটি নিয়ে মঙ্গলবার নতুন আপডেট দিলেন রাফী।
এদিন দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে রাফী হঠাৎ লিখেন,“আবহাওয়া কেমন আজ বাহিরে? ঝড় Toofan- তুফান আসবে নাকি?” এমন স্ট্যাটাসের পর কারো আর বুঝতে বাকি থাকে না যে, ‘তুফান’ এর নতুন কিছু আসছে!
এমন স্ট্যাটাসের ঘণ্টাখানেকের মধ্যেই বিষয়টি আরো পরিস্কার হলো! রাফী ‘তুফান’-এ শাকিবের আরো একটি দুর্দান্ত লুক প্রকাশ করে সবাইকে সতর্ক করে লিখেছেন, “বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়।”
শেয়ার করা পোস্টারে লেখা ‘তুফানি টিজ লোডিং…’! নাটকীয় কায়দায় পুরো বিষয়টি উপস্থাপন করায় দর্শকও মজা পেয়েছে। ইতোমধ্যে সেখানে বহু মানুষের মন্তব্য! সবাই জানিয়েছেন, অপেক্ষায় আছেন সেই তুফানি ঝড়ের!
আলফা আই, চরকি এবং ভারতীয় এসভিএফ এর যৌথপ্রযোজনায় ‘তুফান’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।






