আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ রোববার (১১ জুন) । ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকালে রাজনৈতিক উদ্দেশ্যে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হন শেখ হাসিনা। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন দেশ শাসনে ছিলো।
তখন কারাগারে থাকাকালীন সময় অসুস্থ হয়ে পড়লে শেখ হাসিনাকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন।
এরপর আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।







