ভারী অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তাকারীদের ২ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি ক্ষুদ্র অস্ত্র উদ্ধারে সহায়তার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, এছাড়া ক্ষুদ্র অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের জন্য ৫০ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সাউন্ড গ্রেনেড ও পিয়ার গ্যাস উদ্ধারের ক্ষেত্রেও অর্থ পুরস্কার দেওয়া হবে। অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারে পরিচালিত কার্যক্রমে নেতৃত্ব দেবে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অভিযান জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।









