মুক্তি পেলেন নেহা বোরা, এখনও পুলিশ হেফাজতে অভিজিৎ দীপকে

ছবি: সংগৃহীত
লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) তাকে আটকের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় অভিজিৎ দীপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে অভিজিৎ দীপককে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে থাকা অজিঙ্কা শিন্ডে এএনআইকে বলেন, দীপককে আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। তাকে আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না। কী কারণে তাকে আটক করা হয়েছে, তা-ও স্পষ্ট নয়।
শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগেই নিজ বাসা থেকে আটক করা হয় অভিজিৎ দীপককে। এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় আইসার নেত্রী নেহা বোরাকে। এর আগে গত ১০ অক্টোবর তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তারা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।
অভিজিৎ দীপক নয়াদিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ শীর্ষক মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিকেলে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তাকে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়। এরপরই তাকে আটক করা হয়।





