আইন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী বুট ক্যাম্প শুরু

আইন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাক লিগ্যাল স্কিলস বুট ক্যাম্প ২০২৫ এর ছবি, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশব্যাপী আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে হিউম্যান রাইটস অবজারভেশন সেন্টারের আয়োজনে শুরু হয়েছে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি ও আইন পেশার চ্যালেঞ্জ মোকাবেলায় তিন দিনব্যাপী ‘এইচআরওসি লিগ্যাল স্কিলস বুট ক্যাম্প ২০২৫’।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টায় এই বুট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান হয়। তিনদিনব্যাপী এই ক্যাম্প সমাপ্ত হবে ২০ সেপ্টেম্বর শনিবার। এবারের বুট ক্যাম্পে অংশ নিয়েছে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী।
আয়োজনটির প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে বিচারক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচআরওসি লিগ্যাল স্কিলস বুট ক্যাম্প ২০২৫’-এর আহবায়ক, হিউম্যান রাইটস অবজারভেশন সেন্টারের ভাইস- প্রেসিডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। সূচনা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী, হিউম্যান রাইটস অবজারভেশন এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সালেহ আকরাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির পরিবর্তন ঘটছে, একইসাথে মানবাধিকারের গুরুত্বও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ আইন শিক্ষার্থী বিচার বিভাগ, কর্পোরেট বা অ্যাডভোকেসির দিকে ঝুঁকছে। অথচ দেশের ল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আয়োজকদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের উৎসাহের প্রশংসা করে আরও বলেন, তোমরা জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সামনে এগিয়ে যাও, দেশকে সমৃদ্ধ করো।
স্বাগত বক্তব্যে বুট ক্যাম্পের আহবায়ক সাঈদ আহসান খালিদ বলেন, আজকের এই নতুন মাইলফলক আমাদের শিক্ষার্থীদের অনুপ্রোণিত করবে ন্যায়ের পক্ষে কথা বলার, এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আজকের মাধ্যমে অফিশিয়ালি উপস্থিত ১০০ শিক্ষার্থীদের সাথে শুরু হলো এইচআরওসি নতুন পথচলা। এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পেশাগত দক্ষতাই অর্জন করবে না, বরং নেতৃত্বগুণ বিকাশ এবং শক্তিশালী পেশাদার নেটওয়ার্কও গড়ে তুলতে পারবে।
সূচনা বক্তব্যে ব্যারিস্টার সালেহ আকরাম বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের উদ্যমী, সৃজনশীল এবং মানবিক গুণাবলি সমুন্নত করতে সাহায্য করবে। এছাড়াও তিনি তার বক্তব্যে লার্ন, লিঙ্ক, লিড এই তিনটি বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করার আহবান জানিয়েছেন।
তিন দিনের এই ক্যাম্পে চারটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে মানবাধিকার আইন নিয়ে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক আইন গবেষণা বিষয়ক প্রশিক্ষণ দেবেন। একই দিনে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট যৌথভাবে লিগ্যাল রাইটিং স্কিলস সেশন পরিচালনা করবেন।
সমাপনী দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ড্রাফটিং) এস. এম. শাফায়েত হোসেন লেজিসলেটিভ ড্রাফটিং বিষয়ক সেশন নেবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন। বিশেষ অতিথি থাকবেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.এম. প্রোগ্রামের পরিচালক কাজী মাহফুজুল হক সুপন।
আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য আরামদায়ক আবাসন ব্যবস্থা, লেক আড্ডা, আলোচনা সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দলগত অনুশীলনের ব্যবস্থাও রাখা হয়েছে।
বুট ক্যাম্পে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ফেনী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়।



