সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপি’র কোনো বিরোধ নেই এবং যারা সংস্কার না নির্বাচন আগে বলে তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেন, নিত্যদিনের দুর্দশা দূর করতে না পারলে সংস্কার সফল হবে না।
আজ (২৫ নভেম্বর) সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা এবং বিএনপি’র সকল রাজনীতিবিদদের মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে অনুষ্ঠিত আলোচনা সভায় তারেক রহমান একথা বলেন।
তিনি বলেন, ভেতরে এবং বাইরে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুলবোঝানোর চেষ্টা চলছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। পলাতক স্বেরাচার ও দোসররা যেন ফিরে আসতে না পারে সেজন্য আইনি ও জনগণের দ্বারা রাজনৈতিক বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন। নির্বাচনে শুধু রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা যাবে না বরং স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত রাখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীনদের জনগণের কাছে যত জবাবদিহিতা থাকবে ততই সুন্দর রাষ্ট্র হবে।
তারেক রহমান বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠন করেছে যা গণতন্ত্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।









