বিশাল হারে ভুলে যাওয়ার মতো শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের স্বাগতিকদের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আছে দুর্দান্ত ছন্দে। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর মূলপর্বের প্রথম ম্যাচেও জয় তুলেছে লঙ্কানরা। এমন প্রতিপক্ষের বিপক্ষে কন্ডিশন, মাঠ এবং সক্ষমতার বিচারে নিজেদের এগিয়ে রাখছে বর্তমান শিরোপাধারী দলটি।
মঙ্গলবার বিকেল ৫টায় পার্থে বর্তমান এশিয়ার চ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নাররা। শক্তি-সক্ষমতায় নিজেদের এগিয়ে রাখলেও অজিদের কপালে চিন্তার ভাঁজ ফেলছেন ভানিডু হাসারাঙ্গা ও মাহেশ থিকসানা। এ দুই স্পিনারকে টপকাতে পারলে কাজ সহজ হয়ে যাবে বলেই মনে করেন মিচেল মার্শ।
বিশ্বকাপে মূলপর্বের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হারে অস্ট্রেলিয়া। বড় হারেও আত্মবিশ্বাসে এতটুকুও ফাটল ধরেনি বলছেন মার্শ। অলরাউন্ডারের মতে, লঙ্কান স্পিনার সামলে জয় পেতেও খুব একটা সমস্যা হবে না অজিদের।
‘আশাকরি পার্থে স্পিন খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। আশা রাখি তাদের আক্রমণ করতে পারব। লঙ্কানদের দুজন মূল বোলার আছে (থিকসানা-হাসারাঙ্গা), যদি তাদের ঠিকঠাক খেলতে পারি, খেলায় আমরা এগিয়ে যাবো।’ বলেছেন মার্শ।
পার্থের কন্ডিশনে স্পিনাররা সুবিধা করতে পারবে কিনা সেটি অজানা থাকলেও অজিদের চিন্তা সত্যিই বাড়িয়ে দিচ্ছেন থিকসানা-হাসারাঙ্গা। দুই লঙ্কান আছেন সেরাছন্দে। ইকোনমি, লাইন লেন্থ এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেয়ায় দুজনের নজির নেই। এপর্যন্ত দুজনে শিকার করেছেন ৯ উইকেট। অস্ট্রেলিয়া তাদের নিয়ে বাড়তি ছক কষে নামবে সেটা মার্শের কথায় স্পষ্ট।







