নিউ সুপার মার্কেটে এখনও ধোঁয়া

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা তদন্ত ও উদ্ধার কাজ চালাচ্ছে, ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
একদিন পার হলেও ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। বের হচ্ছে ধোঁয়া। ঈদ উপলক্ষে মার্কেটের দোকানগুলোতে ছিল বিপুল পরিমাণ পোশাকসহ অন্য মালামাল।
আগুনে পুড়ে ও পানিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে। ঈদের আগে শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কেট খোলা হবে না বলে জানিয়েছে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।
শনিবার রাতে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানিয়েছিলেন, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। সারা রাত এখানে আগুন নেভানো এবং উদ্ধার কার্যক্রম চলবে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করবে। তিনি আরও বলেন, যেহেতু আমরা একটি একটি করে দোকান পরীক্ষা করছি, তাই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সময় লাগবে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি।
আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ছিল। যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।







