বসতঘরে ঢুকে হাত-পা বেঁধে যুবককে কুপিয়ে হত্যা

An ambulance vehicle with medical personnel inside, parked outdoors, related to a news incident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বামীকে বাঁচাতে গিয়ে দ্বিতীয় স্ত্রী খাদিজাও আহত হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সাইদুল ওই এলাকার মৃত তৈয়বালী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সাইদুলদের হাত-পা বেঁধে মাথায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।






