আন্তর্জাতিক

‘পশ্চিমবঙ্গের নির্বাচন আইনগতভাবে বৈধ ছিল না’

‘পশ্চিমবঙ্গের নির্বাচন আইনগতভাবে বৈধ ছিল না’

সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচন আইনগতভাবে বৈধ ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশি। নির্বাচনে যেসব এলাকায় মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে, সেসব এলাকায় পুনরায় যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনে আবার ভোট নেওয়ার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলকাতায় হাশিম আবদুল হালিম স্মারক বক্তৃতায় মূল বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন কুরাইশি। এ সময় ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কুরাইশি বলেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচন কি আইনগতভাবে বৈধ ছিল? আমার মতে, ছিল না। আমি এ কথা কয়েকবার বলেছি, আবারও বলছি। বিষয়টি এখন সুপ্রিম কোর্টের সামনে রয়েছে। আশা করছি, আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন।’

তিনি বলেন, নির্বাচনের কিছু অংশ হয়তো বৈধ ছিল। তবে যেসব এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে সন্দেহ রয়েছে, সেসব এলাকায় আবার যাচাই করা উচিত। প্রয়োজনে সেখানে পুনরায় ভোট নিতে হবে।

পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে এর আগেও অভিযোগ তুলেছিলেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও আপত্তি জানান কুরাইশি। তার মতে, প্রধান নির্বাচন কমিশনার এককভাবে পুরো কমিশনের প্রতিনিধিত্ব করেন না। কমিশনের সদস্যদের মধ্যে প্রথমে সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। তা সম্ভব না হলে তিন সদস্যের কমিশনে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এককভাবে কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে। ওই প্রতিবেদনে বলা হয়, এসব সিদ্ধান্তের অন্তত ১৪টি বিষয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি আপত্তি জানিয়েছিলেন।

ভোটারদের অধিকার নিয়েও কথা বলেন কুরাইশি। তিনি বলেন, ভোট দেওয়ার অধিকার পেতে কোনো ভোটারকে কারও কাছে অনুরোধ জানাতে হবে, এমনটা হওয়ার কথা নয়। অতীতে ভোটার কার্ড প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হতো। ভোটার তালিকায় নাম তোলার জন্য কাউকে দেনদরবার করতে হতো না।

এসআইআর প্রক্রিয়াকে নাগরিকত্ব যাচাইয়ের গোপন পদ্ধতি হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। কুরাইশি বলেন, ‘প্রক্রিয়াটি সহজ বা স্বচ্ছ কোনোটিই ছিল না। এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যেগুলো এখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। আদালতের রায় এলে কী ভুল হয়েছে আর কোনটি সঠিক ছিল, তা স্পষ্ট হবে।’

বিষয়:এস.ওয়াই. কুরাইশি পশ্চিমবঙ্গের নির্বাচন ভোটার তালিকা সংশোধন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…